রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুরুল ইসলাম টিটু (৫৫) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের জলিলনগর বাসস্টেশন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম টিটু রাউজান উপজেলার ৬ নম্বর বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর লেলেঙ্গারা এলাকার অছি মিয়া সারাং বাড়ির আনজু মিয়া সারাংয়ের ছেলে। তিনি বিনাজুরী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন এবং বর্তমানে একটি বেসরকারি জীবনবিমা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জলিলনগর বাসস্টেশন এলাকায় হেঁটে সড়ক পার হচ্ছিলেন টিটু। এ সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি ইটবোঝাই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক কৌশলে পালিয়ে যান।
এদিকে দুর্ঘটনার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ সড়কে রেখে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
নিহতের মেজো ছেলে মো. সামির বলেন, বেপরোয়া গতি ও অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাকের কারণেই আজ আমার বাবা প্রাণ হারিয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার চাই।
রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকটি জব্দ করে। তবে চালক পালিয়ে গেছে, তাকে আটকের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


