ফরিদপুরে দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেস বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে বাসটি পুড়ে যায়।
শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদি এলাকায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা উপজেলার সোয়াদি নামক এলাকায় ডিম ভর্তি দাঁড়িয়ে থাকা একটি বিকল পিকাআপ থেকে স্থানীয়রা ডিম সংগ্রহ করছিলেন। এ সময় নড়াইল এক্সপ্রেস নামক একটি দ্রুতগতির বাস পিকআপটির পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচজন মারা যান। এ সময় আরও দুজন আহত হয়।
পরে স্থানীয়রা তাৎক্ষণিক আহত ব্যক্তিদের উদ্ধার করে ভাঙ্গার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এশিয়া পোস্টকে জানান, ঢাকা থেকে খুলনাগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সোয়াদি এলাকায় পৌঁছালে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় ক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।




