logo

কুড়িগ্রামে গোয়ালঘরে পেট্রোল মজুত, ১০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামে গোয়ালঘরে পেট্রোল মজুত, ১০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বসতবাড়ির গোয়ালঘরে পেট্রোল মজুতের অভিযোগে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে প্রায় ৩০ লিটার পেট্রোল জব্দ করা হয়।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান। অভিযুক্ত আবু জাহান ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালঘরে ড্রামে পেট্রোল সংরক্ষণ করে বেশি দামে বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় ড্রামে রাখা পেট্রোল ও তেল বিক্রির কিছু সরঞ্জাম জব্দ করা হয়।

পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অবৈধভাবে জ্বালানি মজুতের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত এরশাদুল হক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তার ভাই হারুন অর রশিদ জরিমানার অর্থ পরিশোধ করেন।

তবে অভিযোগ অস্বীকার করে হারুন অর রশিদ বলেন, ‘মোটরসাইকেলের ব্যবহারের জন্য কিছু পেট্রোল রাখা ছিল। কেউ শত্রুতা করে বিষয়টি প্রশাসনকে জানিয়েছে।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, ‘বসতবাড়িতে পেট্রোল মজুত করা আইনত দণ্ডনীয়। তাই জরিমানা করা হয়েছে এবং তেল জব্দ করা হয়েছে।’

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পেট্রোল জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে।