logo

মেরামত হচ্ছে মানিকগঞ্জ পৌরসভার সড়ক

মেরামত হচ্ছে মানিকগঞ্জ পৌরসভার সড়ক

‘প্রকল্প শেষ হওয়ার আগেই সড়কে ধস, পৌরসভার তদারকির অভাব’ শিরোনামে এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জ পৌরসভার একটি সড়কের সংস্কার শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সরেজমিনে দেখা গেছে, জেলা জজ কোর্টের সামনে থেকে মানিকগঞ্জ মডেল উচ্চবিদ্যালয় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কের যেসব স্থানে ইউনিব্লক দেবে গেছে, সেসব জায়গায় ব্লক তুলে মেরামত করা হচ্ছে। একইভাবে বাজার ব্রিজ থেকে সদর থানা (গঙ্গাধরপট্টি সড়ক) পর্যন্ত এক কিলোমিটার অংশে ধাপে ধাপে কাজ শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে।

মানিকগঞ্জ পৌরসভার ভেতর দিয়ে বাস্তবায়নাধীন খাল সৌন্দর্যবর্ধন, পাবলিক টয়লেট, ড্রেনেজ আধুনিকায়ন ও সড়ক নির্মাণ প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন অসঙ্গতি সামনে আসে। দেড় কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন অংশ দেবে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, সৃষ্টি হয় জলাবদ্ধতারও।

দীর্ঘদিন সড়কের বেহাল অবস্থার কারণে ভোগান্তিতে থাকা পথচারী, ব্যবসায়ী ও চালকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী রিকশাচালক শহিদ মিয়া বলেন, ‘অনেক দিন ধরেই রাস্তার অবস্থা খারাপ ছিল। গর্তে পড়ে প্রায় দুর্ঘটনা ঘটত। কাজ শুরু হওয়ায় কিছুটা স্বস্তি লাগছে। দ্রুত শেষ হলে ভালো হবে।’

স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘রাস্তা খারাপ থাকায় সড়কে যানজটের সৃষ্টি হতো। বৃষ্টি হলে পানি জমে থাকত। এখন কাজ শুরু হওয়ায় আশা করছি আগের মতো যানজট হবে না।’

এ বিষয়ে পৌরসভার প্রকৌশলী শাহাদাৎ হোসেন বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখেছি। যেসব জায়গায় ইউনিব্লক দেবে গেছে, সেগুলো দ্রুত মেরামতের কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি পুরো প্রকল্পের কাজের মান নিশ্চিত করতে তদারকি জোরদার করা হয়েছে।’