logo
Advertisement

মোবাইল ফোনের জন্যই অপ্রতিমকে হত্যা, সন্দেহভাজন আটক: পুলিশ

মোবাইল ফোনের জন্যই অপ্রতিমকে হত্যা, সন্দেহভাজন আটক: পুলিশ
ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া

মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের সপ্তম শ্রেণি পড়ুয়া ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই সানন্দা পাহাড়ের জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম স্থানীয় বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অপ্রতিমের মা ড. নাহিদা বেগম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেলের নিখোঁজের বিষয়টি জানিয়ে পোস্ট দেন। সেখানে তিনি ছেলেকে ফিরে পেতে আকুতি জানান।

শনিবার অপ্রতিমের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে কুবির শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। দুপুর পৌনে ৩টার দিকে ঘটনাস্থলে যান সদর আসনের এমপি মনিরুল হক চৌধুরী। এ সময় তিনি হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত আটক করতে পুলিশকে নির্দেশ দেন।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, আমরা অনেকটা নিশ্চিত, মোবাইল ফোনের জন্যই এ হত্যার ঘটনা। আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতিমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।