নিখোঁজের দুদিন পর ডোবায় মিলল মাদ্রাসা সুপারের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের দুদিন পর ফরিদুল রহমান (৩৬) নামে এক মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের দক্ষিণ বেলমুড়া এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফরিদুল রহমান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রায়পুর গ্রামের ছাবির হোসেনের ছেলে। তিনি মাধবপুর উপজেলার ‘মোহাম্মদপুর বাগে মদিনা ইবতেদায়ি মাদ্রাসা’র সুপারিনটেনডেন্ট (সুপার) হিসেবে কর্মরত ছিলেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে ফরিদুল রহমান নিখোঁজ ছিলেন। স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার বিকেলে নাসিরনগরের গুনিয়াউক ইউনিয়নের বেলমুড়া এলাকার একটি ডোবায় এক ব্যক্তির অর্ধগলিত লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে মরদেহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্বজনেরা এসে ফরিদুল রহমানের পরিচয় নিশ্চিত করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা জানান, ওই মাদ্রাসা সুপার নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, দুদিন আগে তিনি মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। আজ ডোবা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
