আমরা সেই দল, যাদের আপন ভেবে মানুষ কাঁদে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সেই দল, যাদের আপন ভেবে মানুষ কাঁদে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের শোল টহরী বাজারে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি। অন্যদিকে বিএনপি একটি পরীক্ষিত দল। উন্নয়ন একমাত্র ধানের শীষই করতে পারবে, আর কেউ পারবে না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক। আমরা সেই দল, যাদের আপন ভেবে মানুষ কাঁদে।
ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন। একটি দল আপনাদের কাছে ভোট চাইতে আসছে, দাঁড়িপাল্লার কথা বলছে। তারা কখনো সরকারে গেছে? আপনাদের জন্য কোনো কাজ করেছে, করেনি। আমরা কাজ করেছি। আমরা পরীক্ষিত দল। আপনারা আমাদের ভোট দিয়েছেন, আমরা সরকারে গিয়ে আপনাদের জন্য কাজ করেছি।
সরকারে থাকাকালীন বিএনপির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে দলটির মহাসচিব বলেন, অতীত অভিজ্ঞতা থেকেই বলছি—বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার মতো আর কেউ নেই। তাই সবাই ধানের শীষে ভোট দেবেন।
তিনি বলেন, হাসিনা আপা দেশ ছেড়ে ভারতে চলে গেছেন। কিন্তু যারা তাকে সমর্থন করতেন, তাদের বিপদে ফেলে গেছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই—যারা নিরপরাধ, তারা কেউ বিপদে পড়বেন না। আমরা তাদের পাশে আছি।
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আমি আমার এলাকায় হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান সব ধর্মের মানুষের সঙ্গে একসঙ্গে কাজ করি। আমরা সবাইকে সমান নিরাপত্তা দিতে চাই।