কবর খুঁড়তে গিয়ে প্রাণ গেল দুজনের

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) ও মর্জু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেয়ামতপুর গ্রামের মৃত মতি সরকারের স্ত্রীর মরদেহ দাফনের জন্য কবরস্থানে কবর খুঁড়তে যান স্থানীয় কয়েকজন। এ সময় কবর ঢাকার জন্য ব্যবহৃত স্টিলের একটি শিল্ড সরানোর সময় কবরস্থানের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দুইজনের মৃত্যু হয়।
এ বিষয়ে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আতিক আকরাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট একজনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আরেকজন ঘটনাস্থলেই মারা যায়।
কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
