logo

মহেশখালী-কুতুবদিয়া আসনে হ্যাটট্রিক জয় পেলেন বিএনপির ফরিদ

মহেশখালী-কুতুবদিয়া আসনে হ্যাটট্রিক জয় পেলেন বিএনপির ফরিদ

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ মোট ১২৪ কেন্দ্রের ফলাফলে ১ লাখ ২৫ হাজার ২৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এএইচএম হামিদুর রহমান আযাদ পেয়েছেন ৮৯ হাজার ৬৩৪ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সাড়ে ১০টায় মহেশখালী উপজেলা পরিষদে স্থাপিত কন্ট্রোল রুম থেকে ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।

এদিকে ৩৫ হাজার ৬২৮ ভোটের ব্যবধানে জয়ী হওয়ায় মহেশখালী-কুতুবদিয়া উপজেলার নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। এই জয়ের মাধ্যমে আলমগীর ফরিদ তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে ‘হ্যাটট্রিক’ পূর্ণ করলেন।

ফলাফল পরবর্তী প্রতিক্রিয়ায় আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, এ বিজয় মহেশখালী-কুতুবদিয়াবাসীর ভালোবাসার প্রতিফলন। আমি জনগণের পরীক্ষিত খাদেম হিসেবে পূর্বের ন্যায় আগামীতেও এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।

উল্লেখ্য, ১৯৯৬ সালের জুন মাসে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হতে আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ প্রথমবার এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর এ আসনে ২০০৮ সালে জামায়াত ইসলামীর  এএইচএম হামিদুর রহমান আযাদ সংসদ সদস্য নির্বাচিত হন।