দেবতাখুম ভ্রমণে যাওয়া যাবে না ২০ জুলাই পর্যন্ত

এশিয়া পোস্ট নিউজ, বান্দরবান
দেবতাখুম ভ্রমণে যাওয়া যাবে না ২০ জুলাই পর্যন্ত
বান্দরবানের পর্যটন কেন্দ্র দেবতাখুম। ছবি: এশিয়া পোস্ট

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি হয়েছে। উপজেলা প্রশাসন পর্যটকদের জন্য ২০ জুলাই পর্যন্ত এ পর্যটন কেন্দ্র বন্ধ রাখবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে প্রশাসনের এই সিন্ধান্ত কার্যকর হয়েছে।

বুধবার (১৫ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারী বৃষ্টির কারণে জেলার বিভিন্ন নদী, ছড়া ও ঝিরির পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়েছে। বান্দরবানের বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বন্যায় রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন স্পটের বিভিন্ন অবকাঠামো ও কাঠামো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এসব ক্ষতিগ্রস্ত অবকাঠামোর জরুরি মেরামত প্রয়োজন।

স্থানীয় প্রশাসনের নিরাপত্তা মূল্যায়নে দেখা গেছে, বর্তমান পরিস্থিতিতে দেবতাখুমে পর্যটকদের যাতায়াত ও অবস্থান ঝুঁকিপূর্ণ। পর্যটক ও স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আগামী ১৬ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত দেবতাখুম পর্যটন স্পটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে সম্ভাব্য দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের স্থানীয় পর্যায়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনীয় প্রচার-প্রচারণা পরিচালনা এবং সার্বিক তদারকি কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন পর্যটক, ট্যুর অপারেটর, গাইড ও স্থানীয় বাসিন্দাদের এ সময়ের মধ্যে দেবতাখুমে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত অবকাঠামোর মেরামত ও নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক হলে পুনরায় পর্যটকদের জন্য স্পটটি খুলে দেওয়া হবে।