ডেপুটি স্পিকারের লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা

নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে কয়েকটি চারা ভেঙে ফেলা এবং চারাগুলো সুরক্ষায় দেওয়া বেড়াও নষ্ট করা হয়েছে।
উপজেলার বামনী এলাকায় কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের পাশে মঙ্গলবার এ ঘটনা ঘটে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ৫ আগস্ট কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের পেট্রোল পাম্প এলাকা থেকে হীরাকান্দা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করা হয়। গরু-ছাগলের হাত থেকে চারাগুলো রক্ষায় প্রতিটির চারপাশে বেড়া দেওয়া হয়েছিল।
স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী বলেন, সকালে গরু নিয়ে যাওয়ার সময় সড়কের পাশে লাগানো কয়েকটি গাছের চারা উপড়ে পড়ে থাকতে দেখেন। কিছু চারা ভেঙেও ফেলা হয়েছে। তার ভাষ্য, প্রায় ৩৫টি চারা নষ্ট করা হয়েছে।
উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম বলেন, স্থানীয় বাসিন্দা নজরুল ইসলামের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গাছের চারা উপড়ে ফেলা ও ভেঙে দেওয়ার পাশাপাশি বেড়া নষ্ট করার দৃশ্য দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
তিনি বলেন, সড়কের জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের। সরকারি জায়গায় পরিবেশের জন্য উপকারী গাছ লাগানোর পর সেগুলো নষ্ট করা দুঃখজনক। তার দাবি, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত হয়ে থাকতে পারে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গাছের চারা উপড়ে ফেলার বিষয়টি নিন্দনীয়। তার ধারণা, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এ ঘটনা ঘটানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার অনুরোধ করেছেন তিনি। উপড়ে ফেলা চারাগুলো আবার লাগানোর জন্যও বলা হয়েছে।


