Advertisement

এমপি নাছির চৌধুরীকে আইনজীবী শিশির মনিরের খোলা চিঠি

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
এমপি নাছির চৌধুরীকে আইনজীবী শিশির মনিরের খোলা চিঠি
সংসদ সদস্য নাছির চৌধুরী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) নাছির চৌধুরীর গলায় ‘দা’ ধরে ভয় দেখিয়ে সম্পত্তি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগে তার স্ত্রী পারভিন আক্তারের দায়ের করা মামলা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Advertisement

সোমবার (১০ আগস্ট) তিনি এমপির তিন সৎভাইসহ আটজনের বিরুদ্ধে আদালতে এ মামলা করেন।

মামলা দায়েরের পর উদ্ভূত পরিস্থিতিতে পারিবারিক সমঝোতার উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে এমপি নাছির চৌধুরীর প্রতি এক খোলা চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ‘শিশির মনির মিডিয়া সেল’-এর ফেসবুক পেজে প্রচারিত ওই খোলা চিঠিতে বলা হয়, চলমান পরিস্থিতিতে সমঝোতার উদ্যোগ গ্রহণ প্রসঙ্গে। জনাব, আমি জানি এই চিঠি পড়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার মতো শারীরিক ও মানসিক অবস্থা আপনার বর্তমানে নেই। তথাপি আপনার প্রিয়জনরা হয়তো আপনাকে বিষয়টি অবগত করবেন।

খোলা চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি ছিল একান্তই আপনার পারিবারিক। কিন্তু বর্তমানে তা আর পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই, দেশজুড়ে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। আমরা দিরাই-শাল্লার মানুষ হওয়ায় যেখানেই যাই, মানুষ আমাদের এ বিষয়ে জিজ্ঞাসা করে। এটি আমাদের সম্মিলিত লজ্জা। এই বয়সে আপনাকে নিয়ে এমন ঘটনা ঘটা মোটেই কাম্য নয়। আপনার লজ্জা আর আমাদের লজ্জা আজ মিলেমিশে একাকার। আপনি আমাদের নির্বাচিত নেতা, তাই আমরা যারপরনাই উদ্বিগ্ন। আপনি কত মানুষের সমস্যার সমাধান করেছেন, অথচ আজ আপনি নিজেই আলোচনার কেন্দ্রবিন্দু! তাই বিষয়টি আর বাড়তে দেওয়া ঠিক হবে না। এখানেই ইতি টানুন এবং নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে নিন—এটাই প্রত্যাশা।

এমপি নাছির চৌধুরীর স্ত্রী পারভিন আক্তার গতকাল সোমবার সুনামগঞ্জের দিরাই জোনের আমলগ্রহণকারী আদালতে মামলাটি দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার অসুস্থ স্বামীকে গলায় ‘দা’ ধরে ভয় দেখিয়ে বাড়িসহ বিপুল সম্পত্তি জোরপূর্বক রেজিস্ট্রি করে নিয়েছেন তার সৎভাইয়েরা।

মামলায় আসামিরা হলেন—নাছির চৌধুরীর সৎভাই ও দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী), মিজানুর রহমান চৌধুরী ও মোসলেহ উদ্দিন চৌধুরী। অন্য আসামিরা হলেন—দিরাই উপজেলার মাতারগাঁও গ্রামের মৃত নাজমুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম, পুরাতন কর্ণগাঁও গ্রামের আব্দুন নুর মিয়ার ছেলে ছয়ফুল চৌধুরী, তল বাউসী গ্রামের দলিল লেখক মুজিবুর রহমান, কলিয়ার কাপনের নাজমুল ইসলামের ছেলে তাজুল ইসলাম এবং দিরাইয়ের নুরুল ইসলামের মেয়ে মোহরার মমতাজ বেগম।

তবে মামলায় উল্লেখিত সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন মামলার প্রধান আসামি মঈন উদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী)। তিনি জানান, তারা আইনগতভাবেই এ মামলা মোকাবিলা করবেন।