ডিজিএফআই পরিচয়ে প্রভাব খাটাতে গিয়ে বিপাকে নারী

এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
ডিজিএফআই পরিচয়ে প্রভাব খাটাতে গিয়ে বিপাকে নারী
আটক হাছিনা আক্তার। ছবি : এশিয়া পোস্ট

কক্সবাজারের পেকুয়ায় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের কর্মকর্তা পরিচয়ে এক ইউপি চেয়ারম্যানকে বিভ্রান্ত ও প্রতারণার চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

আটক হাছিনা আক্তার (৪০) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার বাসিন্দা।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, আটক ওই নারী দীর্ঘদিন ধরে নিজেকে পেকুয়ায় কর্মরত ডিজিএফআইয়ের সদস্য হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। এই পরিচয় ব্যবহার করে তিনি চেয়ারম্যানকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারও তিনি যোগাযোগ করে নানা তথ্য নিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করলে চেয়ারম্যানের মনে সন্দেহ জাগে। পরে বিষয়টি পেকুয়া থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে ওই নারীকে আটক করে।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারী নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে একটি বাচ্চা বিক্রির বিষয়ে কথা বলছিলেন। বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই প্রতারণার পেছনে তার অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।