নাতির ‘মৃত্যুর গুজবে’ প্রাণ গেল নানির

চাঁদপুরের ফরিদগঞ্জে নাতির মৃত্যুর খবরে মারা গেছেন আফিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নুরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত আফিয়া বেগম ওই গ্রামের আরশাদ পাটওয়ারীর স্ত্রী। তার নাতি একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিফাত হোসেন সিয়াম (১৯)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম নবী খোকন জানান, শুক্রবার রাতে বাড়ির পাশে নির্জন স্থানে ধূমপান করছিলেন রিফাত। এ সময় স্থানীয় মোহাম্মদ নাসির হোসেনের ছেলে মোহাম্মদ নাঈম (১৭) ধূমপানের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেবেন এবং তার স্বজনদের দেখাবেন বলে হুমকি দেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে রাতেই নাঈমের পক্ষ হয়ে একদল কিশোর রিফাতকে বেধড়ক মারধর করে। এ সময় স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে রিফাতের মৃত্যুর খবর।
এদিকে নাতির মৃত্যুর খবর শুনে নানি আফিয়া বেগম ঘটনাস্থলে ছুটে এসে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা নানি ও নাতি উভয়কে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফিয়া বেগমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রিফাত হোসেন সিয়ামকে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মোহাম্মদ নাঈম হোসেনের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, নাতির মৃত্যুর গুজব শুনে স্ট্রোক করে মারা গেছেন এক বৃদ্ধা। মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।