logo

কুষ্টিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবককে গণপিটুনি

কুষ্টিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবককে গণপিটুনি
ভুক্তভোগী শিশুটি ও অভিযুক্তকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: এশিয়া পোস্ট

কুষ্টিয়া সদর উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার চর মিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আছাই বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ১০ বছরের ওই শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে চর মিলপাড়া এলাকার একটি মিশন স্কুলের একটি কক্ষে ডেকে নিয়ে যান আছাই। সেখানে শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় স্থানীয় এক নারী ঘটনাটি দেখে ফেলেন এবং চিৎকার করে আশপাশের লোকজনকে জড়ো করেন।

পরে উত্তেজিত ও ক্ষুব্ধ জনতা আছাইকে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয়।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভার্রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনার পর পরই পুলিশ অভিযুক্তকে আটক করেছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া গণপিটুনির শিকার অভিযুক্ত আছাইকেও একই হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।