গোসল করতে নেমে নদীতে ভেসে গেল দুই বোন

চাঁদপুরের ধনাগোদা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গেছেন দুই বোন। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হলেও অপর বোন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) এ ঘটনা ঘটে।
নিহত স্বপ্না রানী ও নিখোঁজ রনী রানীর বাড়ি চাঁদপুর সদর উপজেলার মনোহরখাদী গ্রামে। তারা দুই বোন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে স্বপ্না রানী ও তার বাক্প্রতিবন্ধী বোন রনী রানী ধনাগোদা নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতের মুখে পড়ে রনী রানী তলিয়ে যেতে থাকেন। ছোট বোনকে বাঁচাতে এগিয়ে যান স্বপ্না রানী। কিন্তু স্রোতের তীব্রতায় তিনিও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে দুই বোন নদীর পানিতে ভেসে যান।
ঘটনার পর স্থানীয়রা ও স্বজনরা তাদের উদ্ধারে চেষ্টা চালান। পরে সন্ধ্যার দিকে স্বপ্না রানীর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। তবে রাত সাড়ে ৮টা পর্যন্ত রনী রানীর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ওই তরুণীকে উদ্ধারে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা অনুসন্ধান অব্যাহত রাখেন।
পারিবারিক সূত্র জানায়, স্বপ্না রানীকে জীবিত আছে মনে করে স্বজনরা দ্রুত চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত স্বপ্না রানী এক সন্তানের জননী ছিলেন। অন্যদিকে নিখোঁজ রনী রানী অবিবাহিত। দুই বোনের এমন মর্মান্তিক ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে আহাজারির সৃষ্টি হয়েছে।
এদিকে নদীতে নিখোঁজ রনী রানীর সন্ধানে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
