জিয়াউর রহমান প্রথম শ্রমবাজার চালু করেন: বরকত উল্লাহ বুলু

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
জিয়াউর রহমান প্রথম শ্রমবাজার চালু করেন: বরকত উল্লাহ বুলু
নোয়াখালীতে এক অনুষ্ঠানে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। ছবি: এশিয়া পোস্ট

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম শ্রমবাজার চালু করেন। তার কারণে বর্তমানে দেড় কোটি প্রবাসী রেমিট্যান্স পাঠাচ্ছে বাংলাদেশে। এর ওপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গাবুয়াতে এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিএমইটি পরিচালিত দেশ বিদেশে ড্রাইভিং এবং নিয়মিত কোর্সের উদ্বোধন করা হয়।

বরকত উল্লাহ বুলু বলেন, ১০০ বছরেও শেখ হাসিনা ক্ষমতায় যেতে পারত না, যদি ৯৬ সালে জামায়াত আওয়ামী লীগকে সহায়তা না করত। বর্তমান আওয়ামী লীগ জিয়াউর রহমানের অনুদানকৃত আওয়ামী লীগ। এটা মালেক উকিলের আওয়ামী লীগ, এটা শেখ মুজিবের আওয়ামী লীগ না।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. দিদার হোসেন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ প্রমুখ।