গ্রামের মাদ্রাসাছাত্র এখন জাতীয় চ্যাম্পিয়ন

লালমনিরহাটের একটি গ্রামের মাদ্রাসাছাত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন।
রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে (ডিআরএমসি) আয়োজিত ‘৩য় ডিআরএমসি জাতীয় ইসলামি সাংস্কৃতিক উৎসব ২০২৬’-এ সারা দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে শীর্ষ অবস্থান অর্জন করেন মোহাম্মদ আসিফ ইসলাম।
শনিবার (১১ এপ্রিল) সমাপনী দিনে ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু তার হাতে পুরস্কার তুলে দেন।
জানা গেছে, জন্মের পর তার মাকে ফেলে চলে যান বাবা। তার নানি তুষভান্ডার ইউনিয়নের আমিনগঞ্জ গ্রামে নিজের কাছে রেখে লালন-পালন করেন। পরে তাকে ‘হাজী রেফাজ উদ্দিন সহীর মোল্লা হাফেজী মাদ্রাসা ও এতিমখানায়’ ভর্তি করা হয়।
ইঞ্জিনিয়ার মেজবা উদ্দিন বিপ্লব গড়ে তুলেছিলেন এই প্রতিষ্ঠান। বিপ্লব জানান, প্রতিষ্ঠানটি করার সময় আমাকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক বাধা টপকাতে হয়েছে। কখনও কখনও মনে হয়েছে এই প্রতিকূলতা হয়তো জয় করা সম্ভব হবে না। আজ আসিফের এই ট্রফি আমার সব কষ্ট ভুলিয়ে দিয়েছে।
আসিফ বর্তমানে এই মাদ্রাসায় ১৫ পারা হিফজ সম্পন্ন করার পাশাপাশি ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। মোবাইল ফোনে আসিফ জানায়, মেজবা স্যার অনেক কষ্ট করে আমাদের পড়ার সুযোগ করে দিয়েছেন। এই পুরস্কার আমি আমার সেই শিক্ষক এবং বিপ্লব স্যারকেই উৎসর্গ করলাম।
‘হাইয়্যা আলাল ফালাহ’ (এসো কল্যাণের পথে) স্লোগানে আয়োজিত এই উৎসবে দেশের শতাধিক খ্যাতনামা প্রতিষ্ঠানের প্রায় দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। ৩২টি ভিন্ন ক্যাটাগরির এই বিশাল আয়োজনে লালমনিরহাটের একটি মাদ্রাসার জয়ে এলাকায় আনন্দের বন্যা বইছে।
ডিআরএমসির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেনের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মিজানুর রহমান আজহারি বিজয়ীদের ভূয়সী প্রশংসা করেন।