চার লাখ ইয়াবা ও ২১ কেজি হেরোইন ফেলে পালাল পাচারকারীরা

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে চার লাখ ১০ হাজার ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকারীরা মিয়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যাওয়ায় কেউ আটক হয়নি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমার বাংলাদেশ অংশে এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি দল সকালে ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সমুদ্রসীমায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি নজরে আসে। কোস্ট গার্ডের সদস্যরা বোটটিকে থামার সংকেত দেন।
তিনি বলেন, কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটে থাকা মাদক পাচারকারীরা দ্রুত তিনটি বস্তা সাগরে ফেলে দেয়। এরপর বোটটি নিয়ে মিয়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যায় তারা। পরে কোস্ট গার্ডের সদস্যরা সাগরে ফেলে যাওয়া বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালান। এসব বস্তা থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। কোস্ট গার্ডের হিসাবে জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৪২ কোটি টাকা।
জব্দ করা মাদকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান এই কর্মকর্তা।