Advertisement

চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণ, কেয়ারটেকার গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, চাঁদপুর
চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণ, কেয়ারটেকার গ্রেপ্তার
গ্রেপ্তার সেলিম মজুমদার। ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সেলিম মজুমদার (৫৫) নামে এক কেয়ারটেকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (৬ আগস্ট) হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। আটক সেলিম উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত তরিক উল্লার ছেলে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ পৌর এলাকার এক প্রবাসীর নির্মাণাধীন ৬ তলা ভবনে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন সেলিম মজুমদার। দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে শিশুটি তাকে ‘দাদা’ বলে ডাকত। অভিযুক্ত ব্যক্তি প্রায়ই শিশুটিকে চকলেট ও খাবারের প্রলোভন দেখাতেন। ঘটনার দিন শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নির্মাণাধীন ভবনের নিচতলার সিঁড়ির কক্ষ থেকে শিশুটিকে কান্নারত অবস্থায় বের হতে দেখেন তার মা। পরে মাকে ঘটনা খুলে বলেন শিশুটি।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত সেলিম মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিষয় :