logo
Advertisement

ফুটবল খেলে নাফ নদীতে গোসল, স্রোতে তলিয়ে ২ কিশোরের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
টেকনাফ, কক্সবাজার
ফুটবল খেলে নাফ নদীতে গোসল, স্রোতে তলিয়ে ২ কিশোরের মৃত্যু
নিশান ও আজিন। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া

কক্সবাজারের টেকনাফে ফুটবল খেলা শেষে নাফ নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে গিয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটি সংলগ্ন নাফ নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মাদ নিশান (১২) সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভী মাহমুদুল্লাহর ছেলে এবং মোহাম্মাদ আরজিন (১৫) একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে স্থানীয় মাঠে ফুটবল খেলতে যায় আরজিন ও নিশান। খেলা শেষে বন্ধুদের সঙ্গে শাহপরীর দ্বীপ জেটি সংলগ্ন নাফ নদীতে গোসল করতে নামে তারা। এ সময় নদীর তীব্র স্রোতের টানে দুজনই পানিতে তলিয়ে যায়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা নাফ নদীর চরে তল্লাশি চালিয়ে প্রায় তিন ঘণ্টা পর তাঁদের উদ্ধার করেন।

আরজিনের বাবা কেফায়েত উল্লাহ বলেন, সকালে নাস্তা করে ছেলেটা বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিল। তার মা নাফ নদীতে গোসল করতে যেতে নিষেধও করেছিল। কিন্তু নিষেধ না শুনে গিয়ে আর ফিরল না।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান, নাফ নদী থেকে উদ্ধার করে নিশানকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত পানি পান করায় তার মৃত্যু হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নাফ নদীতে গোসল করতে গিয়ে দুই কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন।

তিনি আরও জানান, তাদের মধ্যে আরজিন ঘটনাস্থলেই মারা যায়। নিশানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।