logo

তিন পদে শাহজালাল মাজারে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

তিন পদে শাহজালাল মাজারে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
হজরত শাহজালাল (রহ.) মাজার। ছবি: এশিয়া পোস্ট

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে তিনটি পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মাজার পরিচালনা কমিটির আহ্বায়ক ও সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের স্বাক্ষরে এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

এর আগে গত ২২ সেপ্টেম্বর সিলেট সার্কিট হাউসে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত কমিটির সভা হয়। সেখানে সিদ্ধান্ত হয় মাজারের প্রশাসনিক ব্যবস্থাপনা জোরদার, আয়-ব্যয়ের হিসাব ও পরিচালনায় পূর্ণাঙ্গ স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে চুক্তিভিত্তিক লোকবল নিয়োগের। এরই প্রেক্ষিতে আজ (সোমবার) মাজারে ৩টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

জানা গেছে, মাজার পরিচালনায় ১ জন ম্যানেজার, ১ জন হিসাবরক্ষক ও ১ জন অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে। যেখানে ম্যানেজার ও হিসাবরক্ষক পদে আবেদনের বয়সসীমা ৪০ থেকে ৪৫ বছর। অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদের জন্য বয়সসীমা ৩৫ থেকে ৪০ বছর ধরা হয়েছে। ৩টি পদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস চলাকালে ডাকযোগে অথবা সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন। নিয়োগ সংক্রান্ত যাবতীয় শর্তাবলি, আবেদন ফরম ও বিস্তারিত তথ্য জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট (www.sylhet.gov.bd) ও কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।