হামের উপসর্গে সাড়ে তিন মাসে মমেকে ৬০ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সাড়ে তিন মাসে ৬০ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে মমেকে চিকিৎসাধীন রয়েছে ৯৫ শিশু।
সোমবার (২৯ জুন) সকালে এ তথ্য জানান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন ও শিশু বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. ওমর ফারুক।
তিনি বলেন, শনিবার বিকেলে ময়মনসিংহের তারাকান্দা থেকে ৯ মাস বয়সী এক শিশুপুত্রকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও অপুষ্টিতে ভুগছিল। রোববার বিকেল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে ২৯ জুন সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ৪২৭ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৭ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছে ২ হাজার ২৭২ শিশু।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, হাসপাতালে আসা রোগীদের একটি বড় অংশই একেবারে শেষ মুহূর্তে, যখন পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়ে, তখন ভর্তি হচ্ছে। তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিশুদের জীবন বাঁচাতে চিকিৎসকেরা দিনরাত সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, শিশুদের তীব্র জ্বর এবং শরীরে র্যাশ বা গুটি দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে আসা উচিত।






