সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৪) অসুস্থ হয়ে মারা গেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে, এদিন সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে কারাগার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়।
দিনাজপুর জেলা কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) ফরহাদ সরকার মৃত্যুর তথ্যটি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে দিনাজপুর জেলা কারাগারে রমেশ চন্দ্র সেন অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ২৯ মিনিটে তাকে মৃত ঘোষনা করেন। তিনি ঠাকুরগাঁও সদর থানার দায়ের করা তিনটি বিস্ফোরক মামলায় বিচারের অপেক্ষায় কারাবন্দি ছিলেন।
দিনাজপুর মেডিকেল কলেজের ওয়ার্ড মাস্টার মাসুদ জানান, সাবেক মন্ত্রী রমেশ সেনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. অনুপম পাল তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসকের বরাতে তিনি জানান, তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জেলার ফরহাদ সরকার এশিয়া পোস্টকে জানান, কারাগারে রমেশ চন্দ্র সেন অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ঠাকুরগাঁও সদর থানার দায়ের করা তিনটি বিস্ফোরক মামলায় কারাগারে ছিলেন। রমেশ চন্দ্র সেন দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
উল্লেখ্য, রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের মন্ডলের ধাম নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মা বালাশ্বরী সেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৮৪ বছর। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করেন। তিনি ৫ বারের সংসদ সদস্য ছিলেন। সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্যও ছিলেন।