logo

কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নিহত আনোয়ার হোসেন নয়ন। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আনোয়ার হোসেন নয়ন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ মে) রাতে জগন্নাথদিঘী ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

বুধবার (৬ মে) ভোরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিন দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আনোয়ার হোসেন নয়ন গাংরা বাজারের পান ও জুতা ব্যবসায়ী ছিলেন। তিনি দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

পুলিশ জানায়, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নয়নের পথরোধ করেন দুর্বৃত্তরা। তারা নয়নকে কুপিয়ে ও মাথায় আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতাল এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে বুধবার ভোরে তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন জানান, জায়গা-জমিসংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহের ময়নাতদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।