৯ শ্রমিকের মৃত্যুর শোক না কাটতেই সীতাকুণ্ডের আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের প্রাণহানির ঘটনার দুদিনের মাথায় আরেকটি শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মো. আলাউদ্দিন নামে এক ফিটার ম্যান গুরুতর আহত হন।
রোববার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে সীতাকুণ্ডের চৌধুরীঘাটা এলাকার বারাকা শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)।
আহত আলাউদ্দিন সীতাকুণ্ডের কুমিরা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ার্ডে কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে একটি ভারী লোহার অংশ তার ওপর পড়ে। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রামের ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করেন।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (চট্টগ্রাম) শ্রম পরিদর্শক সাহেদ পারভেজ তালুকদার জানান, চিকিৎসাধীন শ্রমিক আলাউদ্দিন বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
এর আগে, শুক্রবার (১৪ আগস্ট) সীতাকুণ্ডের ভাটিয়ারীর ফেরদৌস স্টিল ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়। একের পর এক দুর্ঘটনায় জাহাজ ভাঙা শিল্পে শ্রমিকদের কর্মপরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার ও উন্নয়ন কর্মীরা।
সংশ্লিষ্টরা বলছেন, পরপর দুটি দুর্ঘটনা শিপব্রেকিং খাতে তদারকির ঘাটতিকেই নির্দেশ করে। এই শিল্পকে নিরাপদ করতে সরকারি সংস্থাগুলোর কঠোর মনিটরিং নিশ্চিত করা জরুরি।



