logo

নারায়ণগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
কালনী হিড়নাল উচ্চ বিদ্যালয়ে ঘটনার সিসিটিভি ফুটেজ (বামে) এবং বহিষ্কৃত বিএনপি নেতা আফজাল মোল্লা (ডানে)। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এক শিক্ষিকাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লার বিরুদ্ধে। এদিকে ঘটনার এক দিন পর অভিযুক্ত আফজাল মোল্লাকে দল থেকে বহিষ্কার করেছে দাউদপুর ইউনিয়ন বিএনপি।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী হিড়নাল উচ্চবিদ্যালয়ের লাইব্রেরিতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষিকা একরামুন্নেছা বিউটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে আফজাল মোল্লাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

ভুক্তভোগী শিক্ষিকা একরামুন্নেছা বিউটি অভিযোগ করে বলেন, ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর ১০ থেকে ১২ আগস্টের মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে আফজাল মোল্লার সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরেই বুধবার দুপুরে আফজাল মোল্লা বিদ্যালয়ের লাইব্রেরিতে প্রবেশ করে তাকে লাঞ্ছিত করেন এবং একপর্যায়ে কিল-ঘুষি মেরে আহত করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন খানের নির্দেশেই তিনি লাইব্রেরিতে গিয়েছিলেন বলে জানান ওই শিক্ষিকা।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার সময় অন্য শিক্ষকরা তাকে রক্ষা করতে এগিয়ে এলে আফজাল মোল্লা তাদেরও ‘আওয়ামী লীগের দোসর’ বলে গালিগালাজ করেন। পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

শিক্ষিকাকে লাঞ্ছিত করার বিষয়ে জানতে চাইলে আফজাল মোল্লা মুঠোফোনে দাবি করেন, বিউটি আওয়ামী লীগের দালাল। এ বিষয়ে বিস্তারিত সরাসরি কথা বলবেন জানিয়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিক জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।