শিক্ষার্থীদের দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: খাদ্যমন্ত্রী

শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফল ও সনদ অর্জনের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই পরীক্ষায় ভালো ফলাফল করাই যথেষ্ট নয়; সততা, দক্ষতা, মানবিকতা ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষা যেন কেবল সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং তা যেন মানুষের চিন্তাশক্তি, বিবেক ও দায়িত্ববোধকে সমৃদ্ধ করে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তোমরাই এগিয়ে নিয়ে যাবে আগামী দিনের বাংলাদেশকে।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে পাঠ্যবইয়ের পাশাপাশি আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে খাদ্যমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে পাঠ্যপুস্তকের জ্ঞানের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। তোমাদের বড় স্বপ্ন দেখতে হবে এবং সততা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত মানসিকতা গড়ে তোলা জরুরি।
শিক্ষার্থীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী আরও বলেন, নিজের ভবিষ্যৎ নিয়ে নিজেদের সচেতন হতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা বাড়াতে হবে, যাতে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
প্রতিষ্ঠানটির মিলনায়তনে আয়োজিত এই নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জহিরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী।
এর আগে অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। পরে শিক্ষার্থীদের বর্ণাঢ্য পরিবেশনায় নাচ, গান ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।
