যমুনায় নিখোঁজ আরেক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

পাবনার বেড়া উপজেলার কাজিরহাট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জের মাওয়া এলাকায় পদ্মা সেতু সংলগ্ন নদী থেকে বিনয় রায় (১৫) নামের এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে কাজিরহাটের ঢালারচর এলাকার দাশপাড়া পয়েন্ট থেকে উদ্ধার করা হয় অপর স্কুলছাত্র প্রভাত সরকারের (১৪) মরদেহ।
নিহত বিনয় রায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে এবং প্রভাত সরকার গাজীপুর সদর উপজেলার মিটুলাল সরকারের ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় শ্রী নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল ওই দুই কিশোর। সোমবার (৩ আগস্ট) দুপুরে তারা বাড়ির পাশের যমুনা নদীর নটাখোলা পয়েন্টে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে দুজনই তলিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার বিকেলে প্রভাত সরকারের মরদেহ উদ্ধার করে। তবে বিনয়ের সন্ধান না মেলায় মঙ্গলবার সন্ধ্যার পর তখনকার মতো অভিযান স্থগিত করা হয়েছিল। পরদিন বুধবার বিকেল চারটার দিকে পদ্মা সেতুর কাছে মাওয়া এলাকায় বিনয় রায়ের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করে।
কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার জানান, মাওয়া এলাকা থেকে নিখোঁজ কিশোর বিনয়ের মরদেহ উদ্ধারের পর পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)

