Advertisement

এস এম সুলতান ছিলেন মাটি ও মানুষের শিল্পী: সংস্কৃতিমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, নড়াইল
এস এম সুলতান ছিলেন মাটি ও মানুষের শিল্পী: সংস্কৃতিমন্ত্রী
ছবি : এশিয়া পোস্ট

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ছিলেন মাটি ও মানুষের শিল্পী। তিনি শুধু নড়াইল কিংবা বাংলাদেশের শিল্পী ছিলেন না, ছিলেন বিশ্ববরেণ্য এক অনন্যসাধারণ চিত্রশিল্পী। তার দেশপ্রেম ও কালজয়ী শিল্পকর্ম বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

Advertisement

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ‘সুলতান সম্মাননা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিল্পী, কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের মূল্যায়ন ও সহযোগিতার দ্বার উন্মুক্ত করেছে। অপসংস্কৃতি রোধে জীবনমুখী যাত্রাপালা ও অন্যান্য সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সুস্থ ধারার গ্রামীণ যাত্রাপালা, নাটক, লোকসংগীত ও কবিগানসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে সংস্কৃতি মন্ত্রণালয় সর্বাত্মক পৃষ্ঠপোষকতা করবে।

তিনি আরও বলেন, গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য নৌকাবাইচ, লাঠিখেলাসহ বিভিন্ন খেলাধুলার প্রসারেও সহযোগিতা করা হবে। পড়াশোনার পাশাপাশি শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী করে তোলার তাগিদ দিয়ে তিনি বলেন, সুস্থ ধারার চিত্রাঙ্কন ও সংস্কৃতিচর্চা শিশু-কিশোরদের মননশীলতা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বরেণ্য চিত্রশিল্পী ড. মো. আব্দুস সাত্তারের হাতে ‘সুলতান সম্মাননা পদক-২০২৬’ তুলে দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী। এর আগে মন্ত্রী ‘শিশুস্বর্গ’, এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা ও আর্ট গ্যালারি ঘুরে দেখেন।

এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার সভাপতি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।

‘এসএম সুলতান: জীবনঘনিষ্ঠ ও সমাজ বাস্তবতার শিল্পী’ শীর্ষক আলোচনা সভায় মূল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম। এতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল।

অনুষ্ঠানে নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির, সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্যসচিব অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন সিকদার, নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি সুলতান মাহমুদ, সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জীসহ প্রশাসনের কর্মকর্তা ও সুলতানপ্রেমীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচির শুরুতে সকাল ৬টায় এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালায় কোরআন খতম, সকাল ৯টায় শিল্পীর মাজারে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল, সকাল সাড়ে ৯টায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী এবং সকাল ১০টায় আর্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়। পরে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জেলা প্রশাসন ও এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের ‘রেসিডেন্ট আর্টিস্ট’ স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরে নড়াইলে তার নিজ বাড়ির আঙিনায় তাকে সমাহিত করা হয়।

বিষয় :