জামিনে বেরিয়ে কোথায় ছিলেন ‘বোমারু মামুন’, রায়পুরে যেভাবে ধরা পড়লেন

পোলট্রি খামারের আড়ালে লক্ষ্মীপুরের রায়পুরে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির আস্তানার সন্ধান মিলেছে। মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে ১১টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। রিমান্ডে জিজ্ঞাসাবাদে নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’ ও তার সহযোগীর কাছ থেকে বিস্ফোরক মজুত, ছদ্মপরিচয় এবং সম্ভাব্য নাশকতার নানা তথ্য বেরিয়ে আসছে। তদন্তে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত বিস্ফোরণের ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়টিও সামনে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোলট্রি খামার গড়ে তোলার কথা বলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের সিকদারকান্দি গ্রামে একটি বাড়ি ভাড়া নেন ‘বোমারু মামুন’ ও তার সহযোগীরা। প্রায় দুই মাস ধরে পুলিশ, গোয়েন্দা ও স্থানীয় বাসিন্দাদের নজর এড়িয়ে ছদ্মপরিচয়ে সেখানে বসবাস করছিলেন তারা। ভাড়া বাড়ির উঠানের মাটির নিচে গর্ত খুঁড়ে লুকিয়ে রাখা হয়েছিল ওই ১১টি আইইডি।
স্থানীয় লোকজনের হাতে আটক হওয়ার পর প্রথমে নিজের নাম-পরিচয় গোপন করেন মামুন। পরে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তার প্রকৃত পরিচয় ও অতীতের জঙ্গি-সংশ্লিষ্টতার তথ্য বেরিয়ে আসে বলে জানিয়েছে পুলিশ। নতুন করে আদালত মামুনের সাত দিন এবং তার সহযোগী জাহেদুল ইসলাম জাবেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
যেভাবে ধরা পড়েন ‘বোমারু মামুন’
পুলিশ জানায়, গত ৩ নভেম্বর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন মামুন। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা তাকে আটক করার চেষ্টা করেন। এ সময় পালানোর চেষ্টায় তিনি একটি ককটেল বিস্ফোরণ ঘটান এবং তিনজনকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটকের পর নিজের নাম সাইফুল ইসলাম সুজন এবং বাড়ি ভোলা সদর বলে পরিচয় দেন মামুন। ওই পরিচয়েই প্রথমে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে খাসেরহাট বাজারের ঘটনার সূত্র ধরে সিকদার বাড়ির ওই ভাড়া ঘরটি শনাক্ত করা হয় এবং সেখান থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
দুধের কৌটায় মিলল ১১টি আইইডি
এরপর গত ১০ নভেম্বর সন্ধ্যায় উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ির একটি পরিত্যক্ত ঘরের পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা পাওয়া যায়। কৌটা খুলে ভেতরে টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে ১২ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গিয়ে ১১টি আইইডি নিষ্ক্রিয় করে।

এদিকে গত ১৭ নভেম্বর আদালত মামুনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করলে রায়পুর থানায় জিজ্ঞাসাবাদে তার প্রকৃত পরিচয় নিশ্চিত হয় পুলিশ। রিমান্ড শেষে গত শনিবার তাকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। পরে আদালত মামুনের সাত দিন এবং সহযোগী জাহেদুল ইসলাম জাবেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ছদ্মবেশ ও সঙ্গীদের পরিচয় ঘিরে রহস্য
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, মামুন প্রায় দুই মাস ধরে পরিচয় গোপন করে ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার সঙ্গে এক নারী ও এক পুরুষও থাকতেন। বাড়ির মালিককে তারা চর এলাকায় পোলট্রি খামার করার কথা জানিয়েছিলেন।

তবে ওই নারী ও পুরুষের পরিচয় কী, মামুনের সঙ্গে তাদের সম্পর্ক কী এবং তারা বিস্ফোরক তৈরি বা সংরক্ষণের কাজে যুক্ত ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পোলট্রি খামার স্থাপনের কথা বলে বাড়ি ভাড়া নেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।
জামিনে মুক্তির পর ফের নাশকতার ছক
পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে ২১ বছর বয়সি মামুনকে গ্রেপ্তার করা হয়েছিল। ঢাকার একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তখন তাকে নব্য জেএমবির শুরা কাউন্সিলের সদস্য হিসেবে উল্লেখ করেছিল পুলিশ। পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি জামিনে মুক্তি পান। জামিনে মুক্তির পর থেকে রায়পুরে আটক হওয়ার আগ পর্যন্ত মামুন কোথায় ছিলেন এবং কাদের সঙ্গে যোগাযোগ রাখতেন, তা তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০২৫ সালের ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে বোমা তৈরি ও বিস্ফোরণের ঘটনায় মামুন এবং তার সহযোগী মোহাম্মদ আরিফ ওরফে ইমরানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণ এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যাত্রাবাড়ীতে পুলিশের তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনাও রয়েছে।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, মামুনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২টি মামলার তথ্য পাওয়া গেছে। বিস্ফোরক আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যান্য মামলার তথ্য যাচাই-বাছাই শেষে তাকে পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স টেররিজম ইউনিটের (এসআরইউ) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

