চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ
-1773116918-6447_1773116961.jpg)
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী গ্রামে কবরস্থানের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) রাতে মাধবখালী গ্রামের পশ্চিমপাড়া ও খাঁপাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আহতরা হলেন লিখন (১৮), আশরাফুল (৪২), রোজিনা, তানজিন (৩২), নাজু এবং খানজাহান আলী (৪৫)। তারা সবাই উপজেলার মাধবখালী গ্রামের বাসিন্দা।
এদিকে আহতদের মধ্যে খানজাহান আলীর (৪৫) শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের কারণে খাঁপাড়ার মসজিদ ছেড়ে পশ্চিমপাড়ায় নতুন একটি মসজিদ নির্মাণ করেন বাসিন্দারা। তবে তাদের কবরস্থান একটা। সম্প্রতি কবরস্থানে যাওয়ার রাস্তা তৈরির জন্য খাঁপাড়া মসজিদের সীমানা প্রাচীর ভাঙা হয়। বিষয়টি নিয়ে ইফতারের পর দুপক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনায় রূপ নিলে উভয়পক্ষের বাসিন্দারা মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় দুপক্ষের মধ্যে ৬ জন আহত হয়েছে। পরে সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয়রা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এদিকে সংঘর্ষের ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, খবর পাওয়ার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।