logo
Advertisement

৩৫ ঘণ্টা পর পদ্মায় ভেসে উঠল ছাত্রদল নেতার মরদেহ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
ভেড়ামারা, কুষ্টিয়া
৩৫ ঘণ্টা পর পদ্মায় ভেসে উঠল ছাত্রদল নেতার মরদেহ
রাকিবুজ্জামান রকি। ছবি : ফেসবুক থেকে পাওয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় পিকনিকের নৌকা হার্ডিঞ্জ ব্রিজের পিলারে ধাক্কা খেয়ে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়া ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির মরদেহ প্রায় ৩৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন তথ্যটি এশিয়া পোস্টকে নিশ্চিত করেন।

নিহত রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর এলাকার মৃত হাসান আলীর ছেলে। তিনি শৈলকুপা পৌর ছাত্রদলের সাবেক সদস্যসচিব ছিলেন।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভেড়ামারা উপজেলার হার্ডিঞ্জ ব্রিজের নিচে পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। প্রায় ১৩০ জন যাত্রী নিয়ে পিকনিকের নৌকাটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় তীব্র স্রোতের মধ্যে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারে সজোরে ধাক্কা দেয়। এ সময় নৌকায় থাকা তিনজন যাত্রী নদীতে পড়ে নিখোঁজ হন। পরে দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও রাকিবুজ্জামান রকির সন্ধান পাওয়া যায়নি। পিলারে ধাক্কার পর নৌকাটি স্রোতের সঙ্গে ভেসে গিয়ে লালন শাহ সেতুতেও ধাক্কা খায়। পরে নৌকাটি নিয়ন্ত্রণে এনে তীরে নেওয়া হয় এবং স্থানীয়রা যাত্রীদের নিরাপদে তীরে তুলে আনেন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেন। তীব্র স্রোতের কারণে দীর্ঘ সময় অভিযান চালিয়েও রকির সন্ধান পাওয়া যায়নি। শনিবার খুলনা থেকে আসা ডুবুরি দলও উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে সেদিন তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। রোববার সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

স্বজনেরা জানান, পিকনিকের নৌকায় ওঠার পর রকি যে শেষ ছবিটি তুলেছিলেন, সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, পদ্মা নদীতে নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, শনিবার খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে রকিকে খুঁজে পাওয়া যায়নি। রোববার সকালে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।