Advertisement

চীনা শিল্পনগরে বড় বিনিয়োগ ও লাখো কর্মসংস্থানের আশা

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
চীনা শিল্পনগরে বড় বিনিয়োগ ও লাখো কর্মসংস্থানের আশা
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডিয়াষ্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্পটি বাস্তবায়িত হলে এক লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৭ জুলাই) দুপুরে আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

অর্থমন্ত্রী বলেন, আজকে এখানে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা বলা হলেও অবকাঠামোসহ সামগ্রিক বিচারে বিনিয়োগের পরিমাণ এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এটি শুধু আনোয়ারা নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের যে জাতীয় লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, এই অর্থনৈতিক অঞ্চল সেই পথচলাকে আরও এক ধাপ এগিয়ে নেবে।

প্রকল্প এলাকা ঘুরে জানা যায়, আনোয়ারার এই ইকোনমিক জোনে শিল্পকারখানার পাশাপাশি কর্মীদের আবাসন, শক্তিশালী সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন), লজিস্টিকস ও সেবা খাত গড়ে ওঠার সুযোগ তৈরি হবে। ফলে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও এর প্রত্যক্ষ সুফল পাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, "বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকল্পের প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করবে এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ও নির্বিঘ্ন কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।"

এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) প্রেসিডেন্ট, স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও দেশি-বিদেশি ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।