Advertisement

শিশু ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে গিয়ে ফেঁসে গেলেন ইউপি সদস্য

এশিয়া পোস্ট নিউজ, মৌলভীবাজার
শিশু ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে গিয়ে ফেঁসে গেলেন ইউপি সদস্য
ইউপি সদস্য আব্দুল মোমিন। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে আট বছর বয়সি এক শিশুকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়া ও আলামত নষ্টের অভিযোগে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক কিশোরকেও গ্রেপ্তার করা হয়।

Advertisement

রোববার (১৬ আগস্ট) বিচারিক আদালতের মাধ্যমে তাদের দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আব্দুল মোমিন (৪০) পতনঊষার ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। অন্যজন পতনঊষার এলাকার বাসিন্দা জহির মিয়ার ছেলে রাহুল আহমেদ রিমন (১১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই দুপুরে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের পূর্ব বলরামপুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনের সিঁড়ির নিচে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগে উঠে আসে। ঘটনার পরপরই ইউপি সদস্য আব্দুল মোমিন বিষয়টিকে আইনি প্রক্রিয়ার বাইরে রেখে ধামাচাপা দেওয়ার তৎপরতা শুরু করেন। তিনি ভুক্তভোগী পরিবারকে চেপে রাখার পাশাপাশি আলামত ধ্বংস করে অভিযুক্তকে সহায়তা করেন বলে তদন্তে উঠে আসে।

দীর্ঘ তদন্ত ও তথ্যপ্রমাণের ভিত্তিতে রোববার ভোররাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে মূল অভিযুক্ত কিশোরের পাশাপাশি অপরাধ আড়াল করা ও আলামত নষ্টের সুনির্দিষ্ট অভিযোগে ইউপি সদস্য আব্দুল মোমিনকেও গ্রেপ্তার করে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, শিশু ধর্ষণের ঘটনা আড়াল করা, অভিযুক্তকে সুরক্ষা প্রদান ও আলামত নষ্টের চেষ্টার প্রাথমিক প্রমাণ মেলায় ইউপি সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।