logo

কক্সবাজারে ধানের শীষের প্রচারের সময় তিন শিশুসহ গুলিবিদ্ধ ৫ 

কক্সবাজারে ধানের শীষের প্রচারের সময় তিন শিশুসহ গুলিবিদ্ধ ৫ 

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীর ধানের শীষের নির্বাচনি প্রচারণার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে তিন শিশুসহ ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালীর রোহিঙ্গা ক্যাম্প-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত ২টার দিকে তাদের কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসকেরা। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে প্রচারণা বন্ধ হয়ে যায় এবং মানুষ নিরাপদ স্থানে সরে যায়।

আহতরা হলেন টেকনাফের হ্নীলার ৯ নম্বর ওয়ার্ডের মোচনী গ্রামের বাসিন্দা ভেক্কা মিয়ার ছেলে বাচা মিয়া (৪৫), ৮ নম্বর ওয়ার্ডের আলীখালী গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে শাহাব উদ্দিন (১১), একই এলাকার আব্দুল জলিলের শিশুকন্যা নুসরাত জান্নাত রাফি (১৮ মাস), ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/ফাইভ ব্লকের বাসিন্দা নুর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৭) ও ডি/ফোর ব্লকের বাসিন্দা নুরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আলীখালী এলাকায় ধানের শীষের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে একটি ডাম্পার গাড়িতে গান-বাজনা ও নাচ-গানের আয়োজন চলছিল। ওই সময় একই গাড়ি থেকে হঠাৎ একদল লোক এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে আশপাশে থাকা নারী, পুরুষ ও শিশুরা গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ পাঁচজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আলীখালী আইআরসি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ডেকোরেশন শ্রমিক বাচা মিয়া বলেন, ‘আলীখালীর মোহাম্মদ মিয়ার বাড়ির পাশে বিয়ের ডেকোরেশনের (সাজ-সজ্জা) কাজে ছিলাম। একটু দূরে একটি বিএনপির প্রচারণার গাড়িতে গান বাজানো হচ্ছিল। হঠাৎ করে গুলি ছোড়া হয়। প্রথমে মনে করেছি বারুদের শব্দ। আমার হাতে গুলি লেগেছে। কারা মেরেছে বুঝে উঠতে পারিনি।’

শিশু রাফির মা ছমিরা বেগম জানান, তিনি তার মেয়েকে নিয়ে সড়কের পার্শ্ববর্তী ঘরের দরজায় দাঁড়ালে হঠাৎ রাফির পিঠে দুটি গুলি এসে লাগে। অপরদিকে শাহাব উদ্দিনের কোমরে গুলি লেগেছে বলে জানা গেছে।

এদিকে, বৃহস্পতিবার রাত দুইটায় গুলিবিদ্ধ দুই শিশু নুসরাত জান্নাত রাফি ও শাহাব উদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়েছে চিকিৎসকেরা।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী এশিয়া পোস্টকে বলেন, ‘নির্বাচনি প্রচারণাকালে গোলাগুলির ঘটনায় আহত হওয়ার বিষয়টি শুনেছি। আমি ঘটনাস্থল গিয়ে বিস্তারিত খোঁজ নিব। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে এ বিষয়ে জানতে পারিনি।’

এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম শুক্রবার সকালে এশিয়া পোস্টকে বলেন, ‘গোলাগুলির খবর পেয়ে দ্রুতই সেখানে পুলিশ পাঠানো হয়। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।’