আত্মহত্যার প্ররোচণার মামলায় রিমান্ডে রমেক শিক্ষার্থী সাকিন

রংপুর নগরীতে নুজশাত জাহানের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচণার মামলায় রংপুর মেডিকেল কলেজের (রমেক) শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনের এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রোববার (২৮ জুন) দুপুরে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ড. মুহাম্মদ রাশেদ হোসাইন এ আদেশ দেন।
এর আগে, এদিন সকালে কারাগার থেকে সাকিনকে আদালতে নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা সাকিনের তিন দিনের রিমান্ড আবেদন করেন। সাকিনের আইনজীবী তার জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আগামী তিন দিনের যে কোনো এক দিন জিজ্ঞাসাবাদের জন্য সাকিনের রিমান্ড দেন।
গত ২২ জুন বিকেলে নগরীর নর্থভিউ হোটেলের ছাদ থেকে পড়ে মারা যান এইচএসসি পরীক্ষার্থী নুজশাত জাহান। পরদিন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় আত্মহত্যা প্ররোচণার মামলা করেন নুজশাতের বাবা নজরুল ইসলাম।
এ ঘটনায় ওই দিনই অভিযুক্ত রংপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র ও নুজশাতের প্রাইভেটশিক্ষক শাহরিয়ার আহমেদ সাকিনকে গ্রেপ্তার করে পুলিশ।
বাদীপক্ষের আইনজীবী আবু হায়দার আব্দুল মুবিন বলেন, গত ১৬ জুন সাকিন রাত সাড়ে তিনটার দিকে নুজশাতকে ফোন করে দীর্ঘ ৫০ মিনিট ১২ সেকেন্ড কথা বলেন। গত তিন মাসে ১১৮ বার তাদের ফোনে কথা হয় এবং মেসেজ আদানপ্রদান হয়। গভীর রাতে দীর্ঘক্ষণ কোনো ছাত্রীর সঙ্গে শিক্ষকের কথা হতে পারে না।
সাকিনের আইনজীবী আব্দুল কাইয়ুম মন্ডল বলেন, ৩০৬ ও ১০৯ ধারায় মামলা করার জন্য এজাহারে যে উপাদান থাকতে হয়, তার কিছুই নেই। পুলিশের কাছে দুটি ফোন ছিল। তারা তথ্য প্রযুক্তির ব্যবহার করে তথ্য বের করতে পারবে। এজন্য রিমান্ডের কোনো প্রয়োজন পড়ে না। আমরা সাকিনের জামিন আবেদন করেছিলাম। আদালত এক দিনের রিমান্ড দিয়ে আমাদের আবেদন নাকচ করেছেন। রিমান্ড শেষে পুনরায় জামিনের আবেদন করা হবে।






