logo

আধিপত্যবাদী শক্তির হাত থেকে জিয়াউর রহমান দেশকে রক্ষা করেছিলেন: হুইপ দুলু

আধিপত্যবাদী শক্তির হাত থেকে জিয়াউর রহমান দেশকে রক্ষা করেছিলেন: হুইপ দুলু
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: এশিয়া পোস্ট

তিন থেকে ৭ নভেম্বর বাংলাদেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী ও আধিপত্যবাদী শক্তির হাত থেকে জিয়াউর রহমান রক্ষা করেছিলেন বলে দাবি করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, পাশের রাষ্ট্রের ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে ওই রাষ্ট্রের অঙ্গরাজ্য করার চেষ্টা করেছিল। ঠিক সেই মুহূর্তে সিপাহি-জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কারাগার থেকে মুক্ত করে আনেন। তিনি মুক্ত হয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করেন। বাংলাদেশের সৃষ্টি করেছিলেন জিয়াউর রহমান।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) দুপুরে নাটোর সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় হুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের জন্য যাদের অবদান রয়েছে, তাদের মধ্যে ওসমানী, ভাসানী ও শেখ মুজিবের অবদান আমরা অস্বীকার করতে পারি না। যার যা অবদান, তা সত্যিকার অর্থেই লিখতে হবে। বাংলার ইতিহাস বিকৃত করা হচ্ছে, জিয়াউর রহমানকে ছোট করা হচ্ছে, বিএনপিকেও ছোট করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, সিভিল সার্জন ডা. মশিউর রহমান, শিক্ষাবিদ ও অধ্যক্ষ অলোক কুমার মৈত্রসহ সরকারি কর্মকর্তারা।

এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।