চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় মাচাং ভেঙে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের গুন্ধীপপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সিয়াম (১৯) ও আনিস (২৫)। সিয়ামের বাড়ি কুষ্টিয়া জেলায় এবং আনিসের বাড়ি রাজশাহী জেলায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছয়জন শ্রমিক নির্মাণাধীন ছয়তলা ভবনের বাইরের অংশে প্লাস্টারের কাজ শুরু করেন। ভবনের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে কাজ করার সময় হঠাৎ রেলিং ভেঙে নিচে থাকা মাচাংয়ের ওপর পড়ে যান সিয়াম ও আনিস। এক পর্যায়ে মাচাংটিও ভেঙে নিচে ধসে পড়ে। ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়।
সহকর্মীরা আহত অবস্থায় আনিসকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী শ্রমিক ও বটতলী গ্রামের বাসিন্দা জুনাইদ ইসলাম বলেন, শ্রমিকরা ভবনের বাইরের অংশে প্লাস্টারের কাজ করছিলেন। হঠাৎ রেলিং ভেঙে দুইজন নিচে পড়ে যান। এরপর মাচাংটিও ভেঙে যায়। ঘটনাটি খুব দ্রুত ঘটে, কেউ কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে যায়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুনতাসির জাহিন বলেন, দুই নির্মাণশ্রমিককে হাসপাতালে আনা হলে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।