logo
Advertisement

আত্মগোপনে গিয়ে জিসান স্বজনদের মাধ্যমে নিখোঁজ জিডি করান: পুলিশ

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
আত্মগোপনে গিয়ে জিসান স্বজনদের মাধ্যমে নিখোঁজ জিডি করান: পুলিশ
জিসান মিয়া। ছবি : সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার এক দিন পর লাকসাম থেকে উদ্ধার হওয়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানের বিরুদ্ধে ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে মামলা হয়েছে। পুলিশ বলছে, জিসানকে কেউ অপহরণ করেননি, তিনি নিজেই আত্মগোপনে ছিলেন।

Advertisement

শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ভুক্তভোগী এক নারীর দায়ের করা মামলায় জিসান মিয়া প্রধানকে আসামি করা হয়েছে। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন এবং তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে এক ২৫ বছর বয়সি বিধবা নারীর সঙ্গে জিসানের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তিনি আরও বলেন, সম্পর্কের একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হলে জিসান তাকে গর্ভপাতের জন্য চাপ দেন এবং ওষুধ সেবনের মাধ্যমে ভ্রূণ নষ্ট করা হয়। পরবর্তীতে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে জিসান ১২ জুন বিয়ের আশ্বাস দেন। তবে নির্ধারিত সময়ের আগেই ১১ জুন রাতে তিনি আত্মগোপনে চলে যান।

সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি : এশিয়া পোস্ট
সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি : এশিয়া পোস্ট

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, আত্মগোপনে যাওয়ার পর জিসান তার স্বজনদের মাধ্যমে নিখোঁজের জিডি করান। নিখোঁজের ঘটনার তদন্ত চলাকালে শুক্রবার রাতে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

এদিকে জিসানকে উদ্ধারের খবর পাওয়ার পর ওই নারী বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় ধর্ষণ, প্রতারণা এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (১১ জুন) ঢাকা থেকে দাউদকান্দিতে ফেরার পথে জিসান নিখোঁজ হন বলে পরিবার দাবি করেছিল। রাত ৮টার দিকে বাবার সঙ্গে শেষবার ফোনে কথা বলার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।