কুড়িগ্রাম/গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফিয়ে আহত আ.লীগ নেতা

গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে আহত হয়েছেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক উপপ্রচার সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম আইয়ুব। তিনি জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ছিলেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সন্ন্যাসী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আহত অবস্থায় আইয়ুবকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুলাইয়ের শহীদ আশিক হত্যা মামলাসহ দুটি মামলায় আইয়ুবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর থানা-পুলিশের একটি দল সন্ন্যাসী গ্রামে তার বাড়ি ঘেরাও করে। পুলিশ বাড়িতে উপস্থিত হওয়ার বিষয়টি টের পেয়ে আইয়ুব ছাদ দিয়ে পালানোর চেষ্টা করেন।
পুলিশের মতে, একপর্যায়ে বাড়ির পেছন দিকে নামার সময় টিনের বেড়ার ওপর পড়ে তিনি আহত হন। এতে তার পায়ের আঙুল কেটে যায় এবং হাড় ভেঙে যায়। পরে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল আহমদ বলেন, জুলাইয়ের শহীদ আশিক হত্যা মামলাসহ দুটি মামলায় আইয়ুবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মামলা দুটি হলো জিআর-৩১৯/২৪ (কুড়িগ্রাম) ও জিআর-৩২১/২৪ (কুড়িগ্রাম)। তিনি এসব মামলার পলাতক আসামি।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আইয়ুবের নিজ বাড়িতে অবস্থানের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশ ডাকাডাকি করলেও ভেতর থেকে কেউ সাড়া দেয়নি। পরে তিনি ছাদ দিয়ে পালানোর চেষ্টা করলে আহত হন। তাকে গ্রেপ্তার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় চিকিৎসা শেষে আইয়ুবকে কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।



