logo

বিএনপি নেতার সঙ্গে রাস্তায় কথা বলছিলেন এসআই, প্রাণ গেল দুজনেরই

বিএনপি নেতার সঙ্গে রাস্তায় কথা বলছিলেন এসআই, প্রাণ গেল দুজনেরই
বিএনপি নেতা রফিকুল ইসলাম ও এসআই মিজানুর রহমান। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরের কালীগঞ্জে অভিযান শেষে আসামিকে নিয়ে থানায় ফেরার পথে গাড়িচাপায় স্থানীয় এক বিএনপি নেতা ও পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে মোহাম্মদ রফিকুল ইসলাম (৪৮) কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০)। আহত দুজন হলেন এসআই জাবেদ ওমর ও পুলিশ কনস্টেবল মো. রাব্বি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত টহল দিচ্ছিল। টহলের একপর্যায়ে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের গাড়ি থামিয়ে সড়কের পাশে বিএনপি নেতা রফিকুল ইসলামের সঙ্গে কথা বলছিলেন এসআই মিজানুর রহমান, জাবেদ ওমর ও রাব্বি। এ সময় ঘোড়াশালমুখী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়। পরে অন্য পুলিশ সদস্যরা আহত চারজনকে উদ্ধার করে রাত ৩টা ৫০ মিনিটে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত মিজানুর রহমান ও জাবেদ ওমরকে ঢাকায় পাঠানো হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শুক্রবার সকাল ৬টা ৪৭ মিনিটে চিকিৎসকেরা মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, রাতে পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় তাদের গাড়িচাপা দিলে এসআই মিজানুর রহমানসহ দুজনের মৃত্যু হয়। ঘাতক গাড়িটি শনাক্ত করা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।