স্কুলের টিউবওয়েলে বিষ, অল্পের জন্য রক্ষা

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব মোহনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপে (টিউবওয়েল) বিষাক্ত পদার্থ মিশিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয়ের টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করেত গিয়ে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতে গিয়ে স্থানীয়রা পানির রং ও গন্ধে অস্বাভাবিকতা লক্ষ্য করেন। পরে বিষয়টি দ্রুত এলাকায় জানাজানি হলে সন্দেহের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, টিউবওয়েলে কোনো বিষাক্ত পদার্থ মিশিয়ে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা টিউবওয়েলের পানি পরীক্ষা-নিরীক্ষা করে পানিতে বিষাক্ত উপাদান মেশানোর বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এটি একটি ন্যক্কারজনক কাজ, যা সময়মতো শনাক্ত না হলে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে পড়তে পারত।
এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক বলেন, ঘটনাটি শুনে আমি অত্যন্ত হতবাক হয়েছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত করতে এবং আইনগত ব্যবস্থা নিতে থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।