logo

বিএনপি দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেয়নি, দেবেও না: মির্জা ফখরুল

বিএনপি দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেয়নি, দেবেও না: মির্জা ফখরুল

বিএনপি দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেয়নি, দেবেও না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

গণমাধ্যমে উপদেষ্টাদের দুর্নীতির খবর প্রকাশের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে সময় নষ্ট না করে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা কত দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারব, দেশকে কি করে সত্যিকার অর্থে সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করতে পারব। সে সঙ্গে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারব, সে বিষয়গুলোতে আমাদের নজর দেওয়া উচিত। 

তিনি বলেন, আর যার যেটা কাজ, দুদক দুদকের কাজ করবে। যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে, তারা দেখবেন। বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, দেবে না। 

মির্জা ফখরুল বলেন, আপনাদের একটা সুখবর দেই, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ নির্মাণ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি টিম পরিদর্শনে এসেছেন। তারা জানিয়েছেন, ২০২৭ সালের মধ্যে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করতে পারবেন। এটা ঠাকুরগাঁওয়ের জন্য একটা ভালো খবর। 

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য আলোচনা হয়েছে, আজ থেকেই ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান শুরু হবে। 

এ সময় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।