logo

সাহরির সময় ইয়াবা পাচার করতে গিয়ে দুজন আটক

সাহরির সময় ইয়াবা পাচার করতে গিয়ে দুজন আটক

সাহরির সময়কে কাজে লাগিয়ে যাত্রীবাহী বাসে ৩ হাজার পিস ইয়াবা পাচারকালে দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বগুড়ার সদর উপজেলার নওদাপাড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বোনগাঁও কালিতলার ফরিজ উদ্দিনের ছেলে মানারুল ইসলাম ওরফে মান্না (২৮) এবং একই উপজেলার পশ্চিম বোনগাঁও এলাকার মৃত নুর ইসলামের ছেলে আনোয়ার হোসেন (৩০)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিল্লুর রহমান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-রংপুর মহাসড়কে রংপুরগামী তাজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে টিকিটবিহীন বসা দুই যাত্রীর দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে জিল্লুর রহমান জানান, রমজানের সাহরির সময়কে কাজে লাগিয়ে তারা ইয়াবার চালান পাচার করতেন। 

তিনি আরও জানান, এ ঘটনায় বগুড়া সদর থানায় উপপরিদর্শক মো. শাহ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।