কুয়াশার চাদরে মোড়া শিশিরভেজা ভোরে শীতের আগমনী বার্তা

রাতের নিস্তব্ধতা পেরিয়ে ভোরের আলো ফোটার আগেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে উত্তরের জেলা নীলফামারী। ঘাসের ডগায় জমছে শিশির, দূরের পথ হারাচ্ছে স্পষ্টতা। হিমেল হাওয়ায় শীতের হালকা আমেজও জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের। সূর্য উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে মিলে যেতে শুরু করে কুয়াশার আবরণ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কুয়াশায় মোড়ানো সকালে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই প্রথম উল্লেখযোগ্য কুয়াশা। কয়েক দিন ধরে রাতের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। ভোরে কুয়াশা আর ঘাসে জমে থাকা শিশির শীতের আগমনের আভাস দিচ্ছে।
স্কুল শিক্ষার্থী সাদিক ও জিহাদ জানায়, এখনো পুরোদমে ঠান্ডা শুরু হয়নি। তবে সকালের কুয়াশা দেখতে বেশ চমৎকার লাগে। কুয়াশা উপভোগ করতে তারা সকাল সকাল ঘুম থেকে উঠছে। সকাল সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত কুয়াশা থাকে, এরপর চারপাশ পরিষ্কার হয়ে যায়।

এদিকে, শীতের আগমনী আবহের মধ্যেই জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে আগাম আলু ও শীতকালীন সবজির আবাদ। অনেক কৃষক ইতিমধ্যে জমিতে আলুর বীজ রোপণ শুরু করেছেন। অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের আশা করছেন তারা। তবে বৃষ্টির আশঙ্কাও ভাবিয়ে তুলছে আগাম আলুচাষিদের।
আগাম আলুচাষি হামিদার রহমান বলেন, এবার আট বিঘা জমিতে আগাম আলু রোপণের পরিকল্পনা করেছেন তিনি। এর মধ্যে তিন বিঘা জমিতে আলু রোপণ করেছেন। আবহাওয়া ভালো থাকলে লাভের আশা করছেন তিনি। তবে বৃষ্টি হলে বীজ আলু পচে গিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
সৈয়দপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আইয়ুব আলী জানান, শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে অক্টোবরেই পুরোদমে শীত নামবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আজ সকালে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ মাসের ১০ তারিখে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
