logo

রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন গৃহবধূ, সকালে ভুট্টাক্ষেতে মিলল মরদেহ

রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন গৃহবধূ, সকালে ভুট্টাক্ষেতে মিলল মরদেহ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টাক্ষেত থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেউলি খুনিয়াপাড়া এলাকায় নিজের বাড়ির পাশের ভুট্টাক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত খুকি আক্তার (৩৫) ওই এলাকার নবী হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যান খুকি আক্তার। পরদিন শুক্রবার ভোরে তাকে বিছানায় না পেয়ে স্বামী খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর শনিবার দুপুর ১টার দিকে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে তার মরদেহ দেখতে পান স্বজনরা। এরপর বিষয়টি থানায় জানানো হয়। খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। মুখমণ্ডল ফোলা ছিল এবং নাক দিয়ে রক্ত বের হওয়ার আলামত পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।