Advertisement

জাল প্রবেশপত্রসহ দালালচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, রংপুর
জাল প্রবেশপত্রসহ দালালচক্রের ৪ সদস্য গ্রেপ্তার
ছবি : এশিয়া পোস্ট

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে ২০২৬ সালের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টার অভিযোগে দালাল চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে রংপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জাল প্রবেশপত্র, অর্থ লেনদেনের স্ক্রিনশট ও মুঠোফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপারের (ক্রাইম অ্যান্ড অপস) তত্ত্বাবধানে নিয়োগ পরীক্ষা চলাকালে ডিবির একটি বিশেষ দল নজরদারি চালায়। রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রবেশের সময় ‘ফেস ডিটেকশন’ পয়েন্টে আশরাফুল ইসলাম (২১) নামে এক পরীক্ষার্থীর পরিচয় নিয়ে সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের কাছে থাকা প্রবেশপত্রটি জাল বলে স্বীকার করেন। একই সময়ে তার হয়ে প্রক্সি পরীক্ষা দিতে আসা তাজমিলুর রহমানকেও (১৯) গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে আশরাফুল জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কামালকাছনা কার্যালয়ে কর্মরত বাদশা মাসউদ আলম (৪৮) ও নুরুল ইসলামের (৪৬) সঙ্গে ১৭ লাখ টাকার বিনিময়ে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার চুক্তি হয়েছিল তার বাবার। চুক্তির অংশ হিসেবে দিনাজপুর শাখার ঢাকা ব্যাংকের একটি হিসাবে আড়াই লাখ টাকা জমা দেন তারা। পরে হোয়াটসঅ্যাপে তাকে একটি জাল প্রবেশপত্র পাঠানো হয়। নিয়োগের কোনো শারীরিক পরীক্ষায় অংশ না নেওয়া সত্ত্বেও ওই জাল প্রবেশপত্র ব্যবহার করে তিনি পরীক্ষায় বসার চেষ্টা করেন।

আশরাফুলের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুর নগরের জাহাজ কোম্পানি মোড় এলাকা থেকে বাদশা মাসউদ আলমকে গ্রেপ্তার করে ডিবি। পরে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানার সহযোগিতায় ঢাকায় অভিযান চালিয়ে চক্রের আরেক সদস্য নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ডিবি জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ক্যাডেট এএসআই পদে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করে আসছিল। তারা জাল প্রবেশপত্র তৈরির পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে ফোন করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করত। এ ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বাংলাদেশ পুলিশে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, জালিয়াতি বা দালাল চক্রের স্থান নেই। যারা চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় :রংপুর