যমুনায় অবৈধ বালু উত্তোলন, গ্রেপ্তার ২

গাইবান্ধার সাঘাটা উপজেলার যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে দুই বালু ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম। এর আগে, শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গাইবান্ধার সাঘাটা উপজেলার যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বোয়াল গেট হয়ে মুন্সিরহাট এলাকায় নেওয়ার সময় সাথালিয়া গ্রামের জহরলালের ছেলে জুয়েল এবং কচুয়া হাট গ্রামের মৃত কদ্দুসের ছেলে সবুজ মিয়াকে শুক্রবার বিকেলে আটক করা হয়। পরে রাতে তাদের সাঘাটা থানায় মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারের পর সবুজ মিয়া দাবি করেন, বর্তমানে বালুর ব্যবসার সঙ্গে সম্পৃক্ত নন, আমি আগেই ব্যবসা ছেড়ে দিয়েছি। সরকারি কাজের কথা বলে এক ঠিকাদার জোর করে আমাকে নিয়ে গেছে, এখন আমি বিপদে পড়েছি।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম এশিয়া পোস্টকে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার তাদের আদালতে পাঠানো হবে।