মাদারীপুরে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাদারীপুরের বিভিন্ন কেন্দ্রে ব্যালট বক্স ও পেপারসহ নির্বাচনি সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটের প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো শুরু হয়। সরঞ্জামের নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
উপজেলা নির্বাহী কার্যালয় সূত্রে জানা যায়, ভোটকেন্দ্রে প্রার্থীদের মনোনয়নপত্র, জামানত বই, রসিদ বই, আচরণ বিধিমালা, প্রতীকের পোস্টারসহ বিভিন্ন ধরনের ফরমসহ প্রায় ২০ রকমের সরঞ্জাম পাঠানো হয়। প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশ ও আনসারের সমন্বিত একটি টিম পরিবহনসহ কেন্দ্রগুলোতে এসব সরঞ্জাম নিয়ে গেছে। তারা ভোটকেন্দ্র প্রস্তুত করে সেখানেই রাতে অবস্থান করবে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব এশিয়া পোস্টকে জানান, নির্বাচনি সরঞ্জাম প্রতিটা কেন্দ্রে বিতরণ করা হয়েছে। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। আশা করা যায়, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না; মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে।
জেলায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ৭ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
নির্বাচন কমিশনের সূত্রমতে, মাদারীপুর তিনটি সংসদীয় আসনে এবারের নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৪৮ হাজার ৩২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯৫ হাজার ৩০৮ জন এবং নারী ভোটার ৫ লাখ ৫৪ হাজার ৭ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১২ জন।